স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেন থেকে হতাশাজনক বিদায় ঘটলো সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা রাফায়েল নাদালের। শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলায় ইতালিয়ান তারকা ফ্যাবিও ফগনিনি’র কাছে হেরে বিদায় নেন এই স্প্যানিশ তারকা। প্রথম দুই সেটে এগিয়ে থেকেও ফরাসি তারকার কাছে হেরে বসেন নাদাল।
২০১০ ও ২০১৩ সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল শুক্রবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩২তম শীর্ষ বাছাই ফ্যাবিও ফগনিনির কাছে ৩-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন।
২০০৫ সালের পর ইউএস ওপেনে এর আগে আর এতো তাড়াতাড়ি বিদায় নেননি রাফায়েল নাদাল। ২০০৫ সালে সর্বশেষ আমেরিকান তারকা জেমস ব্লেক’র কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন ১৪টি গ্রান্ড-স্ল্যাম জয়ী এই স্প্যানিয়ার্ড।
৩২ বছর বয়সী ফ্যাবিও ফগনিনি শেষ ষোল’র লড়াইয়ে আরেক স্প্যানিশ তারকা ফ্যারিকিয়ানো লোপেজের মুখোমুখি হবে। শেষ ষোলতে উঠার পথে লোপেজ কানাডিয়ান তারকা মিলোস রায়োনিককে ৬-২, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে পরাজিত করেন।
চলতি বছরের রিও ও বার্সেলোনা ওপেনে ফগনিনির কাছে হেরে যান রাফায়েল নাদাল। এরপর হামবুর্গ ওপেনের ফাইনালে ইতালিয়ান তারকাকে হারিয়ে নাদাল মধুর প্রতিশোধ নিলেও ফের একই প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হলেন।
হার্ডকোর্টে শীর্ষ দশ বাছাইয়ের বিপক্ষে ১৮ বারের সাক্ষাতে ফগনিনির এটাই প্রথম জয়। ২০০৫ সালে ডেভিড স্যানগুইনেতির পর প্রথম ইতালিয়ান তারকা হিসেবে ইউএস ওপেনের শেষ ষোলতে উঠেন ফগনিনি।
এমন দুর্দান্ত জয়ের ফলে বেশ উচ্ছ্বসিত ফ্যাবিও ফগনিনি, ‘আমি কতোটা আনন্দিত সেটা বোঝাতে পারবো না। ম্যাচটি অনেক কঠিন ছিল। রাফার (রাফায়েল নাদাল) মতো তারকার বিপক্ষে প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর এমন জয় সত্যিই অসাধারণ।’
