কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
নিহতদের একজনের পরিচায় পাওয়া গেছে। সে কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)।
কক্সবাজার র্যাব-১৫’র ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সাগরপথে ইয়াবার একটি চালান আসবে, এমন তথ্যের ভিত্তিতে ঝাউবাগানে অবস্থান করছিল র্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলি থেমে গেলে ঝাউবনে তল্লাশি করা হয়। এ সময় অস্ত্র, ইয়াবা ও দু’জনের মরদেহ পাওয়া যায়। অভিযানের মুখে অনেকে পালিয়ে যায়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এএসপি শাহ আলম আরো বলেন, একজনের পকেটে থাকা একটি চিরকুটে তার নাম মাসুম, পিতা আনু প্রধান বলে লেখা রয়েছে। অপরজনের নাম এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ হবে। মরদেহগুলো কক্সবাজার সদর থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে দেয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানতে চেষ্টা চলছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
