ঢাকা: প্রায় আড়াই মাসের সফরে রোববার বিকেলে ভারত এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩টি টি-২০, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট খেলবে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আগামী ২ অক্টোবর টি-২০ সিরিজ দিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।
রোববার বিকেলে দীর্ঘ ভ্রমণ শেষে জোহানেসবার্গ থেকে দিল্লি এসে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ভিন্ন তিনজন অধিনায়কের নেতৃত্বে ভারত সফরে এসেছে প্রোটিয়ারা। ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্স, টেস্টে হাশিম আমলা এবং টি-২০ তে ফাফ ডু প্লেসিস সফরকারীদের নেতৃত্ব দিবেন।
রোববার দিল্লিতে পা রেখে মিডিয়ার সঙ্গে কোনো রকম কথা বলেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিমানবন্দর থেকে নেমে কড়া নিরাপত্তা বলয়ে সরাসরি টিম হোটেলে পৌঁছায় প্রোটিয়া দল।
প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর ধর্মশালায় তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ তারিখে কটকে এবং ৮ তারিখে কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের বাকি দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-২০ সিরিজের পর ওয়ানডে এবং টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি।
