স্পোর্টস ডেস্ক : সোমবার দুপুরে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দল। বেলা ১টা ৩৫ মিনিটে করাচির পথে রওনা হয়েছে সালমা খাতুনদের বহনকারী বিমানটি। বিকাল ৫টায় করাচি বিমানবন্দরে পৌঁছানোর কথা বাংলাদেশের প্রমীলা দলটির।
সালমা খাতুনের নেতৃত্বে ১৫ সদস্যের এই নারী দলটির সঙ্গে ম্যানেজার হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক শফিকুল হক হীরা। এ ছাড়া রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হোসেন ইমাম।
সফরে পাকিস্তান জাতীয় প্রমীলা দলের বিপক্ষে দুটি করে টোয়েন্টি২০ ও ওয়ানডে ম্যাচ খেলবেন সালমারা। আগামী বুধবার সিরিজের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। ওয়ানডে ম্যাচটি দুটি হবে যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল। তবে বিসিবি সেখানে নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণকারী দল পাঠিয়েছিল এবং তাদের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয়েই সালমাদের পাকিস্তান সফরে পাঠানো হয়েছে।
দেশ ছাড়ার আগে সালমা ও তার সতীর্থরাও নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কিত নন বলেই মত দিয়েছেন। দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ঘুচাতে দলের প্রতিটি সদস্যই এই সফরের জন্য আগ্রহী ছিল বলে মন্তব্য করেছেন অধিনায়ক সালমা। সিরিজে ভাল কিছুই করার প্রত্যয় ব্যক্ত করেই দেশ ছেড়েছেন তারা।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কান দলের ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘ ৬ বছর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। কেননা নিরাপত্তাজনিত কারণে দেশটি সফর করতে রাজি হইনি কোনো ক্রিকেট খেলুড়ে দেশ। তবে চলতি বছর মে-জুনে দুটি টোয়েন্টি২০ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর দ্বিতীয় দল হিসেবে সালমারাই গেলেন পাকিস্তান সফরে।
