স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার করাচিতে জয়ের জন্য স্বাগতিকদের দেওয়া ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেটে ৯৫ রান তুলে থেমেছে সালমারা।
লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা লড়াকু সূচনা করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ওপেনার শার্মিন দ্রুত ফিরে গেলেও আয়েশা-ফারজানার ব্যাট জ্বলছিল ঠিকভাবেই। কিন্তু দলীয় ৪৯ রানে ফারাজানার বিদায়ই ম্যাচে হয়ে যায় টার্নিং পয়েন্ট্। ২৭ বলে ৩টি চারে সাহায্যে তিনি করেছেন ২৩ রান। ২ রানের ব্যবধানে বিদায় নিয়েছেন আরেক সফল ব্যাটসম্যান ফারজানা। ৩৬ বলে ২টি চারের মারে তিনিও করেছেন ২৩ রান।
বাকি সময়টাতে একদিকে লড়েছেন রুমানা। অপরদিকে চলেছে আসা-যাওয়ার মিছিল। ২৩ বলে ৩টি চারে ২২ রান তোলা রুমানা যখন সেই মিছিলে সামিল হয়েছেন, তখন বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৮৪ রান। বাকি ২ ওভার ৪ বলে বাংলাদেশ উইকেট হারিয়েছে আরেকটি। কিন্তু লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয়েছে সালমাদের। পাকিস্তানের আনাম আমিন ২টি উইকেট নিয়েছেন।
টস ভাগ্যে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হয়েছিল সালমা বাহিনীকে। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও আর বিপাকে পড়েনি। দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। ৮৭ রান করেছে তারা এই যুগলে। তাই পাকিস্তান ২০ ওভার শেষে ১২৪ রান তুলে নিয়েছে।
স্বাগতিক দলের পক্ষে বিসমাহ মারুফ সর্বোচ্চ অপরাজিত ৬৫ এবং জাভেরিয়া ৪৪ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সেরা বোলার নাহিদা আকতার। তিনি ২ উইকেট পেয়েছেন ১৭ রানের বিনিময়ে। এ ছাড়া ফাহিমা এবং জাহানারা একটি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তান : ১২৪/৫, ২০ ওভার (বিসমাহ ৬৫*, জাভেরিয়া ৪৪; নাহিদা ২/১৭)
বাংলাদেশ : ৯৫/৭, ২০ ওভার (আয়েশা ২৩, ফারজানা ২৩, রুমানা ২২; আনাম আমিন ২/১৭)
ফল : পাকিস্তান ২৯ রানে জয়ী
ম্যাচসেরা : বিসমাহ মারুফ।
