স্পোর্টস ডেস্ক : আগামী সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোস্টারিকা। সেই ম্যাচ দুটির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস।
আগামী ৮ অক্টোবর এক প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল বিশ্বকাপের সারপ্রাইজ দল কোস্টারিকা। এরপর ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কেইলর নাভাসের দল।
গত মাসে বদলবদলের নাটকীয়তা নিয়ে ব্যস্ত থাকায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি কেইলর নাভাস। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া হয়নি এই কোস্টারিকান গোলরক্ষকের।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত নৈপূণ্য উপহার দিয়ে আসছেন কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। স্প্যানিশ লা লিগায় প্রথম চার ম্যাচে নিজের গোলপোস্ট অক্ষত রেখে রেকর্ড গড়েন তিনি। লা লিগায় ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে এখনো নিজের গোলপোস্ট অক্ষত রেখেছেন তিনি।
