বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর শেখেরখীল চেয়ারম্যান ঘাটায় অবস্থিত প্যানিনসুলা গ্রামার স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস আনিকা (৭) ট্রাক চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। শনিবার দুপুরে সংঘটিত ঘটনার শিকার আনিকা প্রবাসী আবদুল জব্বার ও পারভিন আক্তারের কন্যা। সূত্রমতে, পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধন্যা কাটা এলাকার আবদুল জব্বারের সাথে পূর্ব শেখেরখীল তাজর মুল্লুক সিকদার পাড়ার পারভিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও প্রবাসী আবদুল জব্বার বিদেশে থাকায় পারভিন আক্তার সন্তানদের নিয়ে স্কুলে পড়ানোর জন্য পিতার বাড়ীতে অবস্থান করে।
শনিবার প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশেই প্যানিনসুলা গ্রামার স্কুলে ক্লাস শেষে রাস্তা পার হওয়ার সময় নম্বরবিহীন বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে আনিকা মারা যায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করে। পুলিশ ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, ট্রাক চাপায় নিহত স্কুল ছাত্রীর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
