সিটিনিউজবিডি : সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না করেই বিরোধী দলকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে তিনি দাবি করেন, বিরোধী দল ও মতকে দমন করার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা আরোপ করছে সরকার।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার ও শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনও সুষ্ঠু তদন্ত ব্যতীতই বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে।’
বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছি। সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে।’
দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে যে অসহনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসনের কোন উদ্যোগ না নিয়ে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে একদলীয় শাসন পোক্ত করবার এই অপচেষ্টা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। যা সমগ্র জাতিকে অনিশ্চয়তা, অস্থিরতা এবং গভীর সঙ্কটে ফেলছে। আমরা বারবার এই অবস্থার নিরসনের জন্য গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির আহ্বান জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়নি।’
