জুবায়ের সিদ্দিকীঃ লেখালেখির কাজটা অনেকে যদি ও সহজ মনে করেন, আমি কিন্তু করিনা। পরিশ্রম হয়। বিষয় নির্বাচন করতে পারলে লেখা নিজের থেকে তৈরী হয়ে আসে। খবরের পেছনের খবর সংগ্রহের চেষ্টা থাকে সবসময়। অনেক কিছুই লেখা যায়না। নিষেধগুলো দন্ডায়মান থাকে পাহারায়।
সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গী সংবাদই, যে সংবাদ হাতে আাসে কিন্তু তাকে চাপা দিতে হয়। সবচেয়ে মজার ও জবর খবর হচ্ছে, রাজনীতির। কারন তাতে মানুষের আগ্রহ থাকে। রাজনীতির মূল জায়গাটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। সেই ক্ষমতা যাদের হাতে থাকে আমজনতার সমষ্টিগত ভাগ্যও তাদের হাতেই ন্যস্ত। ব্যক্তিগত ভাগ্যগুলো রাষ্ট্রনিয়ন্ত্রনের বাহিরে নয়।
দেশে রাজনীতি আছে, কিন্তু জনগনের জন্য রাজনীতি নেই। রাজনীতি এখন বুর্জোায়াদের দখলে। খবর চাঙ্গা হতো যদি বিরোধীদল মাঠে থাকতো। মাঠে থাকার মত অবস্থা তাদের নেই। একছত্র দল একতরফা দৌড়াদৌড়ি করে যতই গোল দিকনা কেন, তাতে দর্শকের কোন কৌতুহল থাকেনা। প্রমান সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে না চাওয়া। তা দেশে সব ধরনের নির্বাচনের ব্যবস্থাটাই এখন মোটামুটি ধরাশায়ী অবস্থার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। ভোটারদের অনুপস্থিতি গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
