একদিন পরই সুর পাল্টালেন পাপন

0

সিটি নিউজ ডেস্ক: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টে হারের পর গণমাধ্যমের সামনে এসে টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি সভা ডাকেন বিসিবি বস। আধঘণ্টার বৈঠক শেষে বের হয়ে এসে কোচ-অধিনায়কসহ সবাইকে একপ্রকার তুলোধুনা করেন পাপন। জানান, সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

পরদিনই অবশ্য সুর পাল্টালেন পাপন। আগের দিন রাগের মাথায় সবার ওপর ক্ষোভ ঝেড়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার টিকা নেন বিসিবি সভাপতি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন ক্রিকেট দল নিয়েও।

পাপন বলেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লেগেছে। কালকে ছিল রাগের কথা।

ক্রিকেটারদেরকে বিস্তর পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। সঙ্গে জানিয়েছেন, পরিকল্পনায় পরিবর্তন আনার কথাও।

তিনি বলেন, আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। আমাদেরকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে। মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারবো না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। স্ট্রাটেজি এবং প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আনতে হবে। টেস্টের জন্য আলাদা টিম থাকতে হবে।

সামনেই বেশকিছু সিরিজ। তার আগেই দলে পরিবর্তনের আভাস দিলেন বিসিবি বস।

এদিকে, নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগেই ক্রিকেটারদের করোনা টিকা নেয়া সম্পন্ন হবে বলে জানান পাপন।

তিনি বলেন, নিউজিল্যান্ডে যেতে গতকালকের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়ে নিয়েছেন। বাকিরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এখনও সময় আছে। এর মধ্যে তারা মতামত জানিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কাল কিংবা পরশু দিয়ে দেব তাদের টিকা।

তবে কাউকে টিকা নিতে বাধ্য করা হচ্ছে না বলেও পরিষ্কার করেছেন নাজমুল হাসান পাপন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.