২-০ জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

0

স্পোর্টস ডেস্ক : নেইমার ও ইভান র‌্যাকিটিকের দুর্দান্ত নৈপূণ্যের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠ থেকে বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বরিসভের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার হয়ে দুটি গোলই করেন বদলি হিসেবে মাঠে নামা ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান র‌্যাকিটিক। দুর্দান্ত খেলা নেইমার দুটি গোলেই সহায়তা করেন।

মঙ্গলবার বরিসভ অ্যারেনায় বাতে বরিসভের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিওনেল মেসিহীন বার্সেলোনা। প্রথমার্ধে দারুণ খেললেও গোলের দেখা পায়নি লুইস এনরিকের দল। ২০১৪ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গোলের জন্য মরিয়া আক্রমণ শুরু করে বার্সেলোনা। বিরতির পর গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি কাতালানদের। বিরতির তিন মিনিট পর অর্থাৎ ৪৮তম মিনিটে অসাধারণ এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ১৮ মিনিটের মাথায় সার্জি রবার্তোর বদলি হিসেবে মাঠে নামা ইভান র‌্যাকিটিক। নেইমারের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ওপরের বাঁ কোনো দিযে বল জালে জড়ান এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে গোল করা র‌্যাকিটিকের বার্সার হয়ে চলতি মৌসুমে এটাই প্রথম গোল।

৬৪ মিনিটে ফের নেইমার-র‌্যাকিটিক মেলবন্ধনে বার্সেলোনার গোল। দুর্দান্ত দৃঢ়তায় বল নিয়ে বিপদসীমায় ঢুকে অরক্ষিত র‌্যাকিটিককে পাস বাড়ান নেইমার। ঠাণ্ডা মাথায় আলতো চিপে বল জালে জড়ান ক্রোট মিডফিল্ডার র‌্যাকিটিক। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’গ্রুপে শীর্ষস্থান অক্ষু্ণ্ণ রেখেছে বার্সেলোনা। নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এএস রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে পরাজিত করে কাতালানরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.