স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পরাস্থ করতেই মিরপুরের উইকেট রাখা হয় মন্থর ও টার্নিং। বোলিং সহায়ক এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য শট খেলা কঠিন।
শেষ দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্ব নিতে বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদ বলেন, জিম্বাবুয়ে সফরে ব্যাটিং সহায়ক কন্ডিশনে খেলা হওয়ায় সেখানে ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি ছিল। তবে অস্ট্রেলিয়া বিপক্ষে মিরপুরে যে উইকেট খেলা হচ্ছে এখানে বোলারদের বেশি দায়িত্ব নিতে হচ্ছে। তবে ব্যাটসম্যানদের অবশ্যই আরও ভালো করা উচিত। ব্যাটিংয়ে আমাদের আরেকটু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে।
মাহমুদউল্লাহ আরও বলেন, উইকেটের কন্ডিশনে মানিয়ে নিয়ে আমরা যদি ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারি, আরও ১০-১২টি রান, একটি-দুটি চার, কয়েকটি ডাবলস বা সিঙ্গেলস যদি আদায় করতে পারি, তাহলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুশি হব, আমাদের বোলারদেরও বিশ্বাস জোগাবে।
অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, আমরা এখন ৩-০তে এগিয়ে আছি। শনিবার বাংলাদেশের হয়ে আমাদের আরেকটি ম্যাচ জেতার বড় সুযোগ।
সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে
সিটি নিউজ/এসআরএস
