বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ৮০টি সার্বজনীন পূজা মন্ডপ ও ৫৫টি ঘট পূজাসহ মোট ১৩৫টি পূজা মন্ডপে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ থেকে ১০০ টন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬১ টন খাদ্য শষ্যের অনুকূলে নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ প্রদান কালে বক্তারা বলেন বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী তাই পূজা মন্ডপগুলিতে সরকার যথাসাধ্য বরাদ্দ প্রদান করে পূজারীদের নানাভাবে সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুভাষ আচার্য্যরে সভাপতিত্বে সদস্য সচিব প্রদীপ গুহ এর সঞ্চালনে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্যামল দাশ, রশিদ আহমদ চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, নীলকন্ঠ দাশ প্রমুখ। এদিকে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বুধবার বাঁশখালীর পূজা মন্ডপ গুলো পরিদর্শন করা হয়। এ সময় তিনি পূজারীদের উদ্দেশ্য করে বলেন বাঁশখালীতে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি বিপুল উৎসাহ-উদ্দীপনার মাঝে পূজা পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, এমপির একান্ত সচিব তাজুল ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
