‘আমি বিচার চাই না’

0

সিটিনিউজবিডি : দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে দীপনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর পর দুপুর পৌনে ১২টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হক, দীপনের শ্বশুর ডা. মো. জালালুর রহমান ও ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় এক প্রতিক্রিয়ায় দীপনের বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি গতকালও (শনিবার) বলেছি, আজও বলছি। আমি বিচার চাই না। এ কথা আমি ক্ষোভ প্রকাশ করে বলিনি। বিচার-বিবেচনা করে বলেছি। দেশের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে এ সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘আদর্শগত ও রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। তার পর আইনগতভাবে। নইলে এ সমস্যার সমাধান হবে না।’
সাবেক এই শিক্ষক বলেন, ‘আমি নিয়মানুযায়ী মামলা করব। কারণ আমি আইন মেনে চলি।’

জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। অভিজিৎকে হত্যার পর তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়।
দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

এদিকে আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। তারা নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) বলে দাবি করে।

শনিবার রাত ৯টার দিকে টুইটারে করা এক টুইটে এ দায় স্বীকার করা হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও পাঠানো হয়। তাতে লেখা ছিল- ‘আমরা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এ হত্যার দায় স্বীকার করছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.