সিটিনিউজবিডি: গতবারের মতো এবারও জেএসসি ও জেডিসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। যারা প্রশ্ন ফাঁসের কথা বলছেন, তারা গুজব ছড়ানোর চেষ্টা করছেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষা নয়। এটি একটি জাতীয় পরীক্ষা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। একইভাবে পিএসসি পরীক্ষাও নেওয়া হচ্ছে। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘জেএসসি পরীক্ষার ফলে সারা দেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ফার্স্ট-সেকেন্ড হওয়াটা মুখ্য নয়। তাই আপনারা বাচ্চাদের ওপর কোনো চাপ দেবেন না।’
এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ ও জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
