লাইফস্টাইল : চকলেট খেতে কে না ভালোবাসে? বিশেষ করে ছোটদের কাছে চকলেট একটি প্রিয় খাদ্যবস্তু। কিন্তু এতে ব্যবহৃত মাত্রাতিরিক্ত চর্বি ও চিনি শরীরের জন্য ক্ষতিকর– একথা ভেবে বেশি চকলেট খেলে আবার অনেকেই বকাবকি করেন। তাই বকাবকি এড়াতে লুকিয়ে লুকিয়ে চলকেট খান কেউ কেউ। তবে আর লুকোচুরি নয়; চকলেটপ্রেমীদের জন্য সুখের বার্তা বয়ে এনেছে আমেরিকার কুকা এক্সোসিও কোম্পানি।
কোম্পানিটির দাবি, তারা এমন একটি চকলেট তৈরি করেছে যা ওষুধের কাজ করবে। চকলেটটি খেলে রক্তচাপ কমবে এবং দেহের ‘ভালো কোলেস্টেরল’ এর মাত্রা ঠিক থাকবে। একাধিক গুণসম্পন্ন এরকম চকলেট বিশ্বে প্রথম।
চকলেটটি তৈরির মূল উপাদান কোকো বীজ। কোকো বিজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস ও প্রচুর পরিমাণ মিনারেল। যা রক্তচাপ কমাতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
তবে চকলেট তৈরির সময় প্রচুর পরিমাণ চর্বি এবং চিনি মেশানো হয়। এতে করে কোকো’র গুণ নষ্ট হয়ে যায়। একটি চকলেট বারে কমপক্ষে ৭০ শতাংশ চর্বি ও চিনি থাকে।
কোম্পানিটির দাবি, তাদের তৈরি নতুন চকলেট বারে চর্বি ও চিনির পরিমাণ মাত্র ৩৫ শতাংশ। চর্বি ও চিনির পরিমাণ কম থাকায় তাদের তৈরি চকলেট শরীরের জন্য অধিক কার্যকর হবে।
কোম্পানিটির মুখপাত্র গ্রেগরি আহারনিয়ান বলেন, “আমরা কোকো গাছের নির্যাস ব্যবহার করে এর বিজের তিক্ততা কমিয়েছি। কারণ চকলেট বারে চিনি, স্যাকারিন এবং অতিরিক্ত চর্বি ব্যবহারের ফলে কোকো বীজের গুণ নষ্ট হয়ে যায়। নতুন চকলেটে চিনি ও চর্বির পরিমাণ অর্ধেক কমিয়ে আনা হয়েছে।” চিনি ও চর্বির পরিমাণ ১০ শতাংশে নামিয়ে নতুন ধরনের চকলেট তৈরির পরিকল্পনাও করছে কোম্পানিটি বলেও জানান তিনি।
