ঢাকা অফিস :: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয়।
মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত সাক্ষাতের জন্য কারাকর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তিনি, তার মা, বোনসহ মোট ১২ জনের সাক্ষাতের জন্য আবেদন করেছেন।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে কি না এমন প্রশ্নের উত্তরে মাবরুর বলেন, সাক্ষাতে বাবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির দণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্ট। মুজাহিদকে এখন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
