প্রথম দফায় বিলুপ্ত ছিটমহলের ৬২ জন ভারত যাচ্ছে

0

সিটিনিউজবিডি :: বিলুপ্ত ছিটমহল থেকে ভারতের নাগরিকত্ব গ্রহণকারীরা বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ছাড়ছেন। প্রথম দফায় লালমনিরহাটের হাতীবান্ধার উত্তর গোতামারী থেকে ১৮ পরিবারের ৬২ সদস্য ভারতে যাবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিলুপ্ত ছিটমহল গোতামারীতে গিয়ে দেখা যায়, নাগরিত্ব পাওয়ার আনন্দের মাঝেও বিদায় বেলায় ছিটমহলবাসীর চোখে-মুখে প্রিয়জনকে হারানোর ছাপ। বিশেষ করে, ভারতরে নাগরিকত্ব পাওয়া পরিবারের মধ্যে যারা বাংলাদেশে সন্তানদের বিয়ে দিয়েছেন তাদের কষ্টের মাত্রা একটু বেশি।

ছিটমহলের বাসিন্দা তপন কুমারে সঙ্গে বিয়ে হয়েছিল ববিতা রানীর (২৩) । স্বামীর সঙ্গে তিনিও ভারত যাচ্ছেন। ববিতা রানী বলেন, ‘স্বামী যেহেতু ভারতে যাচ্ছেন, তাই আমিও তার সঙ্গে যাচ্ছি। তবে বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের জন্য কষ্ট লাগছে।’ বীনা নামের আরেক বাসিন্দা বলেন, ‘বাংলাদেশ ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু কি করব? কিছুই করার নেই। স্বামী ভারতে যাবে, তাই বাধ্য হয়ে তার সঙ্গে আমাকেও যেতে হবে।’ এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রথম দফায় ভারতে যাচ্ছেন হাতীবান্ধার দুটি বিলপ্ত ছিটমহলের ৬২ জন। এ ছাড়া ২৩ নভেম্বর যাবেন পাটগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল ১১২, ১১৫ ও ১১৯ বাঁশকাটা, ১১৪ লতামারী, ১১৫ খড়খড়িয়া এলাকার ৩১ পরিবারের ১৩৩ সদস্য।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, লালমনিরহাটের সঙ্গে মিশে যাওয়া সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলের মধ্যে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ৩৯টি পরিবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিবারগুলো পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে (চেকপোস্ট) বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে ভারতে যাবেন।
তিনি আরও জানান, লালমনিরহাট জেলা থেকে ৩৯টি পরিবারের মোট ১৯৫ জন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার ক্যাম্পে যাবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.