স্পোর্টস ডেস্ক :: মুস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। সঙ্গত কারণেই উচ্ছ্বাসের কমতি নেই এদেশের ক্রিকেটাঙ্গনে।
চট্টগ্রামে বিপিএলের ম্যাচ চলাকালে এ খবর ছড়িয়ে পড়লে মাঠেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হন মুস্তাফিজ। সতীর্থদের পর এবার দেশের সাবেক ক্রিকেটারদের অভিনন্দনেও সিক্ত হলেন এই বাঁহাতি বোলিং বিস্ময়।মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন।
মুস্তাফিজকে অভিনন্দন জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, প্রথমেই মুস্তাফিজের অসামান্য জন্য শুভ কামনা থাকলো। বাংলাদেশের ক্রিকেটে আগে এমন অনেক কিছুই ছিল না যা এখন যোগ হচ্ছে। মাত্র ছয় মাস খেলে আইসিসির বছরের সেরা ওয়ানডে একাদশের স্কোয়াডে জায়গা পাওয়াটা সহজ কাজ নয়। তারপরেও সে পেরেছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের আঙিনায় এমন উচ্চে তুলে ধরার জন্য তাঁকে অভিনন্দন।
‘ক্রিকেট এখন অনকে প্রতিদ্ধন্দ্বিতাপূর্ণ। এখন সব কিছুই মেধার আলোকে বিশ্লেষণ করা হয়। পৃথিবীতে ছড়িয়ে থাকা এত ক্রিকেটোরের মধ্য এত অল্প সময়ে মুস্তাফিজ আইসসির বর্ষ সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়ে নিজের ভাবমূর্তিসহ দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে। এতে করে দলের অন্যান্যরাও অনুপ্রাণিত হবে। এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সে দেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে। মুস্তাফিজ যা করে দেখিয়েছে তা প্রত্যাশার চাইতেও বেশি কিছু। এটা দেশের জন্য অনেক বড় সম্মানের বিষয়। মুস্তফিজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশর মর্যাদা আরও বাড়াবে।’- বলছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।
মুস্তাফিজকে শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, মুস্তাফিজের এমন সাফল্যে আমরা খুবই খুশি। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে গোটা দেশ আজ ভীষণ খুশি। আশা করছি ভবিষ্যতেও সে এমন সাফল্য ধরে রাখাবে।
এত অল্প সময়ে আইসিসি’র বর্ষ সেরা ওয়ানডে দলে জায়গা করে নেওয়ায় মুস্তাফিজকে নিয়ে প্রশংসার বাণী ঝড়ালেন বাংলাদেশের বর্তমান টিম ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও।
তিনি বলেন, বিরাট অর্জন। ছেলেটার মধ্যে সেই সামর্থ্য আছে বলেই সে আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছে। অনেক দ্রুত সাফল্যের দেখা পেয়েছে। দোয়া করি ও যেন ফিট থেকে ভবিষ্যতেও দল ও দেশকে এমন সাফল্য আরও এনে দিতে পারে।
আর হাবিবুল বাশার সুমন শুভেচ্ছা বার্তায় বললেন, দারুণ খুশি! এবার তাকে আইসিসির বর্ষ সেরা টেস্ট স্কোয়াডে দেখতে চাই।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ:>
তিলকারত্নে দিলশান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, রস টেলর, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামি, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান ও ইমরান তাহির।
