রংপুর প্রতিনিধি :: জাপানি নাগরিক হোশি কুনিওসহ দুটি হত্যাকাণ্ড ও একটি হত্যার চেষ্টার সঙ্গে জেএমবি জড়িত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। গত মঙ্গলবার দুপুরে নিজ অফিসে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
ডিআইজি বলেন, সবদিক ঘেঁটে সঠিক তদন্তের মাধ্যমে আমরা জড়িতদের খুঁজে বের করেছি। কারা ওই হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ছিল, কারা কারা পরিকল্পনা করেছিল সব রহস্য উদঘাটন হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের মিডিয়ার সামনে হাজির করা হবে বলে জানান তিনি।
গত ৩ অক্টোবর আলুটারী এলাকায় জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। এর এক মাসের মাথায় ৮ নভেম্বর রংপুর বাহাই কেন্দ্রের পরিচালক এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস) রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।
এ ঘটনার কয়েক দিন পর ১১ নভেম্বর কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। তার বাড়িতে দরবার শরিফ ছিল।
