সিটিনিউজবিডি :: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হবে।
আজ দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সমাবেশে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে আস্ফালন হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে নাকি কোনো মুক্তিযুদ্ধ হয়নি! কোনো মা-বোনও ধর্ষিত হয়নি।’
মন্ত্রী বলেন, ‘৭১-এর পরাজয়ের গ্লানি তাঁরা (পাকিস্তান) আজও ভুলতে পারেনি। আইন না থাকলে নতুন আইন করে সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর এ দেশে রাজনীতি করার অধিকার নেই। জামায়াতকে আমরা রাজনৈতিকভাবেই নিষিদ্ধ করব। এটা অচিরেই নিষিদ্ধ হবে। বাংলাদেশে তাঁদের রাজনীতি করতে দেওয়া হবে না।’
