সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা প্রয়োজন সবই করব

0

সিটিনিউজবিডি :: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, ‘পৌর নির্বাচনের পরিবেশ এখনো অনেক ভালো রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের যা যা করা প্রয়োজন, আমরা তাই করব। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সদস্য আমাদের প্রস্তুত আছে। আশা করি আমরা সুষ্ঠু একটি নির্বাচন দিতে পারব।’

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইলের আটটি পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান জাবেদ আলী।

তিনি বলেন, সকল প্রার্থীই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা প্রয়োজন, সকলের সহযেগিতায় তার সবই করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার সর্বোচ্চ শাস্তি ছয় মাসের জেল হতে পারে।

নির্বাচন কমিশনার জাবেদ আলী আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোনো নীতিমালা করা হয়নি। তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে অসুবিধা না হয়, সেজন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের লক্ষ্য রাখতে হবে।

জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন পেশার লোকজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.