সিটিনিউজবিডি :: পৌরসভা নির্বাচনে ১৭৬টি ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ মেয়র প্রার্থীদের সমর্থকরা সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
একই সঙ্গে নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেছে জাপা।
নির্বাচন কমিশন সচিবালয়ে বুধবার বিকেলে লিখিত অভিযোগ দেন জাতীয় পার্টির প্রতিনিধি দল। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। দলের অন্য সদস্যরা হলেন— প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ও সাইদুর রহমান।
কমিশনে অভিযোগ দাখিলের পর এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘পৌর নির্বাচনে ১৭৬টি কেন্দ্র থেকে ক্ষমতাসীন মেয়র প্রার্থীর সমর্থকরা এজেন্টদের বের করে দিয়েছেন। নির্বাচনের যে পরিবেশ দেখেছি, তাতে করে এ নির্বাচনকে সুষ্ঠু বা অবাধ বলতে পারি না।’
জাপার লিখিত অভিযোগে বলা হয়, সরিষাবাড়ি পৌরসভার ১৮ কেন্দ্রে, জামালপুর সদর, লাকসাম, দিনাজপুর, দিরাই, হবিগঞ্জ সদর, নওগাঁ, নাটোর, নড়াইল সদরের ভরাসোলা এতিমখানা কেন্দ্র, বরাইগ্রাম, সিরাজগঞ্জ সদর, গাংনী, পীরগঞ্জ, হাকিমপুর, মুক্তাগাছা, মদন, কটিয়াদি, পাংশা, বাঁশখালি, সাতকানিয়া, রামগতি, রায়পুর সদর, জয়পুর হাট, কুমারখালী মহিলা ডিগ্রি কলেজ, কুয়াকাটা, গোয়ালন্দ, পটিয়া, বান্দরবানের প্রায় সবকটি কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থকরা ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও জাল ভোট দিয়েছেন। অতএব সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উল্লেখিত কেন্দ্রের ভোট বাতিল নুতন করে নির্বাচনের ব্যবস্থা করা হোক।’
জাতীয় পার্টি ছাড়াও নির্বাচনে অনিয়ম হয়েছে বলে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দফায় দফায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের কাছে অভিযোগ করেছেন।
