বান্দরবানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক ২

0

সিটিনিউজবিডি :: বান্দরবানে বিশৃঙ্খলার অভিযোগে কালেক্টরেট স্কুল কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ।

বুধবার সকালে ৮টায় ভোট গ্রহণ শুরু হয় দুটি পৌরসভায়। কিন্তু বিকেল তিনটার পর সদর পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডে বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী লী ও বিরোধী দলের মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থকরা। যৌথখামার, হাফেজঘোনা, সরকারি কলেজ এবং কালেক্টরেট স্কুল ভোটকেন্দ্রগুলোতে গণহারে জাল ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

জাল ভোট দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগে কালেক্টরেট স্কুল ভোটকেন্দ্রে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বিপ্লব, বিএনপি মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসলাম বেবীর নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়।
বিশৃঙ্খলার কারণে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল কালেক্টরেট কেন্দ্রে। আতঙ্কে ভোটাররা ভোটকেন্দ্র ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান। পরে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বিপ্লব বলেন, নৌকা প্রতীকে সিল মারা প্রায় ২৬শ’ ব্যালট পেপার ৪, ৬, ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রগুলোতে বাক্সে ফেলানো হয়েছে। বহিরাগত ভোটাররা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা তৈরি করে জাল ভোট প্রয়োগ করেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অসহায়ের মত চেয়েছিল। কেন্দ্রের বুথগুলো থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। প্রার্থীর বিরুদ্ধে অশালীন স্লোগান, হামলা এবং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। সম্প্রীতির বান্দরবানে এ ধরনের নির্বাচন কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসলাম বেবী বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট সুষ্ঠু হয়েছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ চাহেল তস্তরি বলেন, কালেক্টরেট স্কুল এবং সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কিছুটা বিশৃঙ্খলা হলেও ভোট গ্রহণে কোনো ধরনের সমস্যা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা ভোট দিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.