রাজধানীতে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাই

0
রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. ফালান মিয়া (২৭) ও মো. সানু (৩২) নামে দুই ব্যবসায়ী।

শুক্রবার গভীর রাতে কদমতলী ও নিউমার্কেট এলাকায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আহত অবস্থায় তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফালান মিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ফালান মিয়া ভাঙারি ব্যবসায়ী এবং সানু কাপড় ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বাসায় যাচ্ছিলেন ফালান মিয়া। কদমতলি এলাকায় সাত-আটজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী সানু মিয়া রাত দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। তারা সানু মিয়ার পায়ে গুলি করে ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.