সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৯

0

সিটিনিউজবিডি :: দিনের শুরুতেই ঘন কুয়াশা ও গাড়ির বেপরোয়া গতির কারণে টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, পাবনা ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৯ জনের। আর আহত হয়েছে অর্ধশতাধিক।

শনিবার ভোর ও সকালে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে আজ ভোরে বঙ্গবন্ধু সেতুতে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করলে দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান। প্রাথমিক খবরে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম রানা শরীফ। তিনি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেজ ছেলে। তার মৃতদেহ পাবনায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আজ সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দুই চালক দুলাল (৩০) ও শান্তি (৩২)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুইট (২৪)। তিনি সদর উপজেলার মনোহরপুর গ্রামের আজমত আলীর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জেলার আতাইকুলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সকাল ৯টার দিকে আতাইকুলার আকিজ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে গেছে। আহত তিন পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন কনস্টেবল আল মাহমুদ, রুহুল আমিন ও আবদুস সবুর। তারা সুজানগর থানায় কর্মরত।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেলাল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জহুরুল ইসলাম নামে অপর মোটরসাইকেল আরোহী। আজ সকাল ১০ টার দিকে আক্কেলপুর-জামালগঞ্জ সড়কের আওয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.