আখেরি মোনজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

0

ঢাকা অফিস : আজ রোববার টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে লাখো মানুষের ঢল নেমেছে।

প্রায় দুই দশক ধরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসান। তিনি দুই বছর আগে মারা যান। এর পরের বছরের মোনাজাত পরিচালনা করেন ভারতের আরেক শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। এবারও তিনিই মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন তিনি।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে এখনো মুসল্লিরা আসছেন। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তাঁরা মুরব্বিদের বয়ান শুনছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিরা বলছেন, ইজতেমায় অংশ নিয়ে তারা দেশ, জাতি ও বিশ্ব মানবতার জন্য দোয়া করবেন। ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। তাঁরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মাঝে চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.