বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

0

সিটিনিউজবিডি:: ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামান দুই মামলায় তাদের প্রত্যেককে তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুই মামলায় তিনজনের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ব্যাংকটির সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুদক। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্ত করেছে। পরে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ফজলুস সোবহান ৪৭টি, মো. সেলিম আটটি এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদ ২১টি মামলার আসামি।

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১,২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ জন আসামির মধ্যে ২৭ জন বেসিক ব্যাংকের কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.