বৈশাখের বৈভব বাঙালীর গৌরব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী পয়লা বৈশাখ উদযাপন করা হবে। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত চবি।
বর্ষবিদায় উপলক্ষে চবি চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
পয়লা বৈশাখের দিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট গোলচত্বর থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। সকাল সাড়ে ৯টায় চবি জারুলতলায় মূলমঞ্চে অনু্ষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভাশেষে মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান ও নাটক।
এ ছাড়াও অনুষ্ঠানমালায় থাকছে বলীখেলা, কাবাডি, পুতুলনাচ, বউচি খেলা ইত্যাদি। সবশেষে সঙ্গীত পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী হৈমন্তী রক্ষিত মান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব দ্য রিপোর্টকে জানান, পয়লা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয়ে অনেক লোক সমাগম হয়। তাই দিনব্যাপী বৈশাখের অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য বিশ্ববিদ্যালয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।
