খালেদার বাসার গেইটে আদালতের সমন

0

ঢাকা অফিস : রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতের জারি করা সমন গ্রহণ করেননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাই এ সমন রাজধানীর গুলশানে তার বাসার সামনের দেয়ালে সাঁটিয়ে দেয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. মাসুদ খান এ খবর নিশ্চিত করেন।

মঙ্গলবার সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদার বিরুদ্ধে সমন নিয়ে গুলশানের বাসায় যান। কিন্তু বাসার কেউ সমন গ্রহণ না করায় গেটে এই সমনের কপি ঝুলিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, ফিরোজার গেটে আদালতের সমনের কপি ঝুলছে।

একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সকালে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

সেই সমনের কপি আজ আদালত থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে পাঠানো হয়।

অন্যদিকে, এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবীর খানকে জিজ্ঞেস করলে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.