শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৫৬

0

খেলাধুলা: নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশের শক্তি বুঝল স্কটল্যান্ড। এবারের যুব বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন শান্ত। এই ব্যাটসম্যান থেকেছেন ১১৩ রানে অপরাজিত। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেছেন ৫১ রান। আর ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ৪৯ রান। শুরুতে ধাক্কা খেলেও পরে তা কাটিয়ে উঠে ভালো একটি সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৬ রান করেছে তারা।

গ্রুপ ‘এ’র এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। ওই খেলায় ৭৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন শান্ত। এবারও বাংলাদেশের ত্রাতার ভূমিকায় তিনি। কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১৭ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তারপর ক্রিজে আসেন শান্ত। শুরুতে শান্ত ব্যাটিং করেছেন। পরে হয়েছেন অশান্ত। স্কটিশরা তাতে দিশা হারিয়েছে। ওপেনার সাইফ একটু ধীরে ব্যাট করেন। তিনি তাই করলেন। তবে শান্তর সাথে তার ১০১ রানের জুটি বাংলাদেশকে পথে এনেছে। প্রথম দুই উইকেট হারানোর ধাক্কাটা সামাল দেওয়ায় শান্তর সাথে সমান ভূমিকা সাইফের।

৩৩ ওভার পর্যন্ত এক সাথে ব্যাট করেছেন তারা। তখনো সাড়ে তিনের ওপর রান রেট। রানের গতি পরে বেড়েছে শান্ত ও মিরাজ জুটির ব্যাটিংয়ে। মিরাজ আসার আগেই ফিফটি করেছেন শান্ত। ৭১ বলে ৫০ করলেও পরে আরো দ্রুত গতিতে রান তুলেছেন। শেষ ৬৩ রান তিনি করেছেন ৪৬ বলে। মিরাজ ও শান্ত চতুর্থ উইকেটে দলকে দিয়েছেন ১০০ রান। এই রান তারা তুলেছেন প্রায় ৭ গড়ে। ৪৫ বলে ৫০ করার পরই ফিরেছেন মিরাজ।

এই ম্যাচে ৪ উইকেট নেওয়া বাঁ হাতি পেসার মোহাম্মদ গাফ্ফার নিয়েছেন তার উইকেট। দলের দারুণ প্রয়োজনে করা শান্তর সেঞ্চুরিটি ১১১ বলের। আর তার অপরাজিত ইনিংসটি ১১৭ বলের। যেটি সাজানো ১০টি বাউন্ডারিতে। এই ম্যাচে অনন্য একটি রেকর্ডও গড়েছেন শান্ত। যুবাদের ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন এই বাঁ হাতি ব্যাটসম্যান। পাকিস্তানের সামি আসলামের আগের ১৬৩৪ রানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ওই রেকর্ড ভাংতে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান দরকার ছিল নাজমুলের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.