সিটিনিউজবিডি: ক্রিকেটে বাংলাদেশের উন্নতি কতটুকু? টাইগারদের উন্নতি চোখে লাগার মতোই। সিনিয়র টাইগার মাশরাফি-সাকিব-তামিমদের দেখানো পথেই হাঁটছেন টাইগার জুনিয়র মিরাজ-শান্ত-শাওনরা। যুব বিশ্বকাপেই তার প্রমাণ রেখে চলেছেন বাংলাদেশের যুবারা। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই তারা আধিপত্য বজায় রেখে সবকটিতেই পেয়েছে দাপুটে জয়। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে যেমন নামিবিয়াকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আর তাতে গ্রুপসেরার তকমা নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।
এ বিশ্বকাপে আপাতত বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর অসাধারণ দুটি রেকর্ড। যুব ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট-দুটি রেকর্ডের তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশের নাম।
এই কীর্তিতে আগে পা ফেলেছেন শান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সামি আসলামের ৬২ রানে পিছিয়ে ছিলেন তিনি। সামির ছিল ১৬৯৫ রান। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ডটি নিজের করে নিলেন টাইগার এই ব্যাটসম্যান। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। ওই ম্যাচে বাংলাদেশ যুব দলের এই ব্যাটসম্যান খেলেন ১১৪ রানের ইনিংস। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ১৬০০ রানের মাইলফলক স্পর্শ করেন শান্ত।
ঠিক পরের মাচেই (নামিবিয়ার বিপক্ষে) আরেকটি বিশ্বরেকর্ড গড়লেন অধিনায়ক মিরাজ। এই ম্যাচে দুই উইকেট তুলে নেন তিনি। আর তাতে ৭৪ উইকেট নিয়ে যুবাদের হয়ে সর্বাধিক উইকেট শিকারি হয়ে যান তিনি। ৫৩টি ওয়ানডে খেলে ৭৪ উইকেট ঝুলিতে জমা করেন মিরাজ। জুনিয়ার টাইগার দলপতি ভাঙেন আরেক পাকিস্তানি ইমাদ ওয়াসিমের রেকর্ড। ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে আট বছর রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন এই স্পিনার।
