ঢাকা অফিস : ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে ত্যাগ। বাংলাদেশকে আমরা আরো উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই উল্লেখ করে উন্নয়নের জন্য প্রকৌশলীদের মেধা-দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আমরা কাজ করছি। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে যা কিছু করা দরকার, সরকার তা করবে। এক সময় বাংলাদেশ শোষিত ছিল, বঞ্চিত ছিল। আমরা সে স্থান থেকে দেশটা উন্নয়নের পথে নিয়ে এসেছি।
তিনি বলেন, শূন্যের ওপর দাঁড়িয়ে এই ত্যাগের যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৫ আগস্টে তাকে হত্যা করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। ওই সময় রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ করেছি, বিদ্যুৎ উৎপাদান বাড়িয়েছি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য স্বর্ণ যুগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
