ঢাকা অফিস : দলীয় প্রতীকে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে বিএনপি। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে তারা। এবারের ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাত সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।
প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া ২৩৪ পৌরসভার মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে ১৮১টি, প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ২৪টি পৌরসভায় বিজয়ী হন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীরা ভোট পান ৫১ দশমিক ৫৭ শতাংশ এবং বিএনপি মনোনীতরা পেয়েছেন ২৮ দশমিক ১৫ শতাংশ। যদিও এ নির্বাচনকে মেনে নেয়নি বিএনপি।
তবে এখন দলের কাউন্সিল নিয়েই বেশি ভাবছে বিএনপি। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ১৯ মার্চ কাউন্সিল করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল তারা। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুমতি চেয়ে চিঠি পাঠায় দলটি। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ওই কাউন্সিল অনুষ্ঠান করতে গণপূর্ত বিভাগ অনুমতি দিলেও পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি পায়নি বিএনপি।
কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে টিএইচ খানের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি রাজি না হলে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে নির্বাচন কমিশনার করা হবে। এছাড়া কাউন্সিলের আগে চেয়ারপাসন নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করতে মূল কমিটির বাইরে গঠন করা হয়েছে আরো ১১টি উপ-কমিটি।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রি.জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।
