চেলসির বড় জয়

0

সিটিনিউজবিডিঃ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। পেদ্রোর জোড়া গোলে ৫-১ গোলে জিতেছে গাস হিডিঙ্কের শিষ্যরা। নিউক্যাসলের বিপক্ষে সহজ এই জয়ে হিডিঙ্ক তার দায়িত্বকালে সবধরনের প্রতিযোগিতায় শেষ ১২ ম্যাচেই অপরাজিত রয়েছেন। যার মধ্যে প্রিমিয়ার লিগ ম্যাচই রয়েছে ১০টি। ২৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ১২ নম্বরে। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে ছিটকে পড়েছে নিউক্যাসল।

বড় এই জয়ের দিনে চেলসির জন্য একটা দুঃসংবাদও রয়েছে। অধিনায়ক জন টেরি হ্যামিস্ট্রংয়ের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ইনজুরিতে পড়েন তিনি। এখন আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তার খেলাটা অনিশ্চিত হয়ে পড়ল।

ম্যাচের ৫ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে নেন দিয়েগো কস্তা। ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। ১৭ মিনিটে উইলিয়াম করেন তৃতীয় গোল। তাই ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধে এসে ৫৯ মিনিটে পেদ্রো ও ৮৩ মিনিটে ট্রায়োরে আরো একটি করে গোল করেন। শেষ মিনিটে নিউক্যাসলের টাউনসেন্ড এক গোল শোধ করলে ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় গাস হিডিঙ্কের দল।

খেলা শেষে ফুরফুরে চেলসি ম্যানেজার হিডিঙ্ক বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। শুরুতেই আমরা তাদের হতাশ করে দিতে চেয়েছি। সেই কৌশল দারুণভাবে কাজ করেছে। আমরা যেভাবে খেলেছি তা ছিল দুর্দান্ত। শুধু আক্রমণের দিক থেকে নয়, রক্ষণেও ছেলেরা ভালো করেছে। আমাদের লক্ষ্য ছিল মানসম্মত একটা খেলা উপহার দেয়া।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.