সিটিনিউজবিডিঃ কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে এমএনএস খ্যাত লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ লুই এনরিক। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারকাদের অনুপস্থিতিতেও সেই ম্যাচে অপরাজিত থাকার আগের রেকর্ড ভেঙেছে বার্সা। তবে বিশ্রাম দেয়ার এই কৌশলটা যে কাজে লেগেছে সেটাই যেন প্রমাণ করলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। বিশ্রাম থেকে ফিরে জ্বলে ওঠেছেন তিনজনই। তবে সুয়ারেজ যেন একটু বেশি উড়ন্তই। তার হ্যাটট্রিকে সেল্টা ডি ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। গোল করেছেন মেসি-নেইমারও।
এই জয়ে লা লিগায় শীর্ষস্থান সংহত হল বার্সার। ২৩ ম্যাচে বার্সার অর্জন ৫৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলটির নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অর্জনও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তার অবস্থান তৃতীয় স্থানে।
