টেকনাফে ইয়াবা দিয়ে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি, হুমকিতে পরিবার

0

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:: টেকনাফের হোয়াইক্যংয়ে প্রলোভনে পড়ে ইয়াবা পাচার করতে গিয়ে মোশতাক আহমদ নামের ১কাঠমিস্ত্রির লোমহর্ষক মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা না হওয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল প্রশাসন তথা আইনশৃংঙলা বাহিনীর ভুমিকা নিয়ে রীতিমত প্রশ্ন তুলছেন। অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা মামলা না দিতে কাঠমিস্ত্রি মোশতাকের পরিবারকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এমনকি ঘটনায় জড়িতরা মোশতাকের শ্বশুরকে মসজিদে পর্যন্ত যেতে দিচ্ছে না। স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে, পুর্ব মহেশখালীয়াপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে বাদশা মিয়া, মো: আলমের ছেলে শামসুল আলম, ছিদ্দিক আহমদের ছেলে গফুর মিয়া, কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আবুল হোছনের ছেলে আবুল সামা সহ স্থানীয় ৫/৬জন প্রভাবশালী মাদক ব্যবসায়ীকে অজ্ঞাত দেখিয়ে ১০জানুয়ারী টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেন।

তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি দেখার জন্য উপ পুলিশ পরিদর্শক কাঞ্চনকে দায়িত্ব দেন। এজাহার দায়ের ও তদন্তের জন্য পুলিশের এলাকায় আগমনের পর থেকে মোশতাকের স্ত্রী এজাহার দায়েরকারী খালেদা ছেলে-মেয়েদের নিয়ে বিষম এক বিপদে পড়ে গেছেন। সেই থেকে এখনো নির্ঘুম রাত কাটিয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন।

বিবাদীরা স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক ছত্রছায়ার কিছু মাদক ব্যবসায়ীর মদদে বাদীনি এবং তার বৃদ্ধ পিতাকে ঘর থেকে পর্যন্ত বের হতে দিচ্ছে না। মামলা না করতে তারা নানাভাবে চাপ প্রয়োগ করছে। মামলা দিলে পিটিয়ে এলাকা ছাড়া করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। অভিযুক্ত ইয়াবা কারবারীরা খারাংখালীর মহেশখালীয়াপাড়ার মানুষকে জিম্মি করে যাবতীয় অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দল এবং নেতার নাম বিক্রি করে এলাকাটিকে অপরাধের স্বর্ণরাজ্য বানিয়েছে। লোমহর্ষক মৃত্যুর ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একাধিক প্রতিনিধি মোশতাকের পরিবারকে দেখতে আসে।

এখনো পর্যন্ত মামলা হয়নি জেনে মিডিয়ার লোকজনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিতে পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনকে আহবান জানান। দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ পরিদর্শক কাঞ্চন জানান, বাদীনির এজাহারের ভিত্তিতে এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করেছি। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে টেকনাফ থানার নবাগত ভারপ্রাপ্ত মো: আব্দুল মজিদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মাদক ব্যবসা বন্ধ করতে হলে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মোশতাকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.