ভোলা: জেলার চরফ্যাশনের শশীভূষণে প্রেমের কারণে সোহেল (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সোহেল জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গিয়াসউদ্দিন পাটোয়ারির ছেলে এবং বেগম রহিমা ইসলাম কলেজের একাদ্শ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেলের সঙ্গে জাহানপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে তিনি তার কলেজের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
