ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

0

রাজশাহী : রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রেজওয়ান শেখ রাহুল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর সাহেব বাজার এলাকার আরডিএ মার্কেটের সামনে ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহত রাহুলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মহানগরীর হেতেম খাঁ এলাকার নাসির খানের ছেলে ও লোকনাথ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আহত রাহুলের ভাই শহিদুল্লাহ জানান, রোববার বিকেলে সরকারি কলেজিয়েট স্কুলে বইমেলায় রাহুল তার দুই বন্ধু রিমন ও জনির সঙ্গে যায়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সময় অপর এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে রাহুলের। ওই ঘটনায় ওই যুবক রাহুলকে গালিগালাজ করে। মোবাইল ফোনে রাহুল তাকে গালাগালির কথা জানায়। এরপরে তিনি রাহুলের কাছে আসেন।

শহিদুল্লাহ আরো জানান, মেলা থেকে সামান্য দুরে আরডিএ মার্কেটের সামনে ওভারব্রিজের নিচে আরেক দফা ওই যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয় রাহুল ও তার। ঝগড়ার এক পর্যায়ে তাকে আঘাত করার জন্য ওই যুবক পকেট থেকে টিপ চাকু বের করে তাকে আঘাত করে। ওই সময় সে নিচে বসে পড়লে চাকুটি তার পেছনে দাঁড়িয়ে থাকা রাহুলের পেটে ঢুকে যায়।

এ ঘটনার পরে ওই যুবক পালিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে রাহুলের অস্ত্রপচার চলছিল।

এদিকে, পুলিশকে সংবাদ দিলে রামেক হাসপাতালে উপস্থিত হয়। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.