ঝিনাইদহ : জেলার মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি সন্তু মিয়া (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের হলদিপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত সন্তু মিয়া মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে ঝিনাইদহ শহর থেকে হত্যা মামলার আসামি সন্তু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে মহেশপুর উপজেলার হলদিপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সন্তু মিয়া। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন।
আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তু একটি হত্যা মামলার আসামি ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় ওসি বিপ্লব।
