সরকারকে ফের সময় দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

0

সিটিনিউজবিডি: বেতন-ভাতাসহ মর্যাদা পুন:প্রতিষ্ঠায় আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পুনর্বিবেচার জন্য সরকারকে ফের সময় বেঁধে দিয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সরকারকে সময় বেঁধে দিলেন শিক্ষকরা।

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, ৬ মার্চ বেতন বৈষম্য নিরোধ বিষয়ক কেবিনেট সাব-কমিটির সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হবে। বৈঠকে তাদের সম্মানজনক একটি সমাধান হবে বলে আমরা আশা করছি। সমাধান না হলে ৮ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এসময় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকরা ক্লাস বর্জন করুক আমরা তা চাই না। কারণ শিক্ষকরা ক্লাস বর্জন করলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। আমরা বারবার সরকারকে সমস্যা নিরসনে সময় দিয়েছি। এখনো দিচ্ছি। আশা করি, একটি সম্মানজনক সমাধান হবে।

এর আগে অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আন্দোলনের অংশ হিসেবে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচিও পালন করেন তারা। পরে সরকারের ঊর্ধ্বতন মহলের আশ্বাসে দুই দফা কর্মসূচি স্থগিত করেন তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.