স্পোর্টস ডেস্কঃ মুস্তাফিজুর রহমানকে ছাড়াই বুধবার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শহীদ আফ্রিদির দলকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। তার পরেও মুস্তাফিজকে মিস করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ডান পাঁজরের ইনজুরির জন্য এশিয়া কাপ থেকে আগেই ছিটকে পড়েন মুস্তাফিজ। গত এক বছর ধরে বাংলাদেশ দলের পেস অ্যাটাককে সমৃদ্ধ করেছেন এই বাঁহাতি কাটার মাস্টার। ২০১২ সালের পর আবারো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। তাই ভারতের বিপক্ষে ফাইনালেও মুস্তাফিজকে অনেক মিস করবেন বলে জানিয়েছেন মাশরাফি।
বুধবার রাতে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘আমি জেতার পরও মুস্তাফিজকে অনেক মিস করছি। পাকিস্তানের বিপক্ষে একটা পরিস্থিতি ছিল মুস্তাফিজ যদি থাকতো আমাদের আরো ১৫টা রান কম হতো। আমাদের যখন উইকেট দরকার হয় তখন মুস্তাফিজই সব সময় আসে। আমাদের পুরো দলই তাকে মিস করছে। আমরা খুবই আশাবাদী যে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে সে ফিরে আসবে।’

Comments are closed.