সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সদেকুর রহমানের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম শুকুর আলীর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল ওহাব, আলম, আবু বক্কর গাইন, আবু দাউদ, সঞ্জয় দাশ ও আব্দুল হামিদের নাম জানা গেছে। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানের ভাই আব্দুল ওহাব জানান, আওয়ামী লীগের প্রার্থী শুকুর আলীর নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা ধুমঘাট এলাকায় মোটরসাইকেলে শোডাউন দিচ্ছিল। ফিরে এসে তারা ধুমঘাট এলাকার সঞ্জয় দাশ, আবু বক্কর গাইন ও দাউদ গাইনের বাড়িতে হামলা করে। পরে তারা ওই তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে অন্তত ১০জনকে পিটিয়ে জখম করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.