ঢাকা : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।রোববার বিকেল ৪টা ৫মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা। গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আগামীকাল সোমবার নারায়নগঞ্জের সোনারগাঁও দিতির পৈতৃক বাড়িতে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে। তবে পরিবারের সম্মতি পেলে আগামীকাল সকালে বিএফডিসিতে দিতির মরদেহ নেয়া হতে পারে বলেও জানা গেছে। মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তার চিকিৎসার আর অগ্রগতি হওয়া সম্ভব নয় বলে জানালে, গত ৮ জানুয়ারি চেন্নাই থেকে কন্যা লামিয়া ও পুত্র শাফায়াতসহ ঢাকায় পৌঁছান সংকটাপন্ন এ নায়িকা। এরপর থেকেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে ভক্তদের মনে।

Comments are closed.