স্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাসকিন আহমেদের। এরপরও দলের সাথে ছিলেন তাসকিন। তবে এবার বিসিবির পরামর্শে শুক্রবার দেশে ফিরছেন টাইগার এই বোলার।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, `তাসকিন যেহেতু বিশ্বকাপে আর খেলতে পারছে না, তাই একটু সময় নিয়ে পরীক্ষা দেওয়াই ভালো। দেশে ফিরে গিয়ে অ্যাকশন শোধরানোর কাজ শুরু করবে। পরে সুবিধামতো সময়ে পরীক্ষা দেবে আবার।`
আর তাসকিন যদি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তাতেও ব্যর্থ হন, সেক্ষেত্রে এক বছরের নিষেধাজ্ঞা নেমে আসবে তার ওপর। তাই হুট করে সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। এর পরদিন আনুষ্ঠানিকভাবে তাদের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলে আইসিসিও।

Comments are closed.