ঢাকা : সারাদেশে ৬৪ জেলার নির্বাচিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শুরু করতে যাচ্ছে সরকার। ‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ স্লোগান নিয়ে শিগগিরই জাতীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। দেশের ৬৪ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী এই ক্যারিয়ার ক্যাম্প চলবে।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম, তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্ট নিয়ে প্রতিদিনের ক্যারিয়ার ক্যাম্প পরিচালিত হবে। তারা বলেন, আমাদের তরুণরা নতুন নতুন প্রযুক্তিকে খুব সহজেই গ্রহণ করছে। অনেকে প্রশিক্ষণ ছাড়াই ভালো কিছু কাজ করছে। এখন সরকারের পক্ষ থেকে তাদের দক্ষ করে গড়ে তুলে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তারা সব জেলায় যাবেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আইসিটি রফতানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইটি পেশাজীবীর সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করা হবে। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার ইতিমধ্যে নানা কার্যক্রম নিয়েছে। ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরের সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। এটি সমাপ্ত হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
বর্তমানে এলআইসিটি প্রকল্পে নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং আগামী তিন বছরে ৩০ হাজার আইটিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছে সরকার । শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এলআইসিটি প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়েছে।
তাছাড়াও, এলআইসিটিতে ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ, আড়াই হাজার সরকারি কর্মকর্তাকে ই-গভর্ন্যান্স প্রশিক্ষণ এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও প্রায় আড়াই হাজার জনকে আইটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Comments are closed.