কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার দক্ষিণে দয়াপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত একজন।
আজ রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন-কুমিল্লার দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আব্দুল মতিনের ছেলে প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম (২৬) ও একই উপজেলার কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে প্রাইভেটকারের যাত্রী মোয়াজ্জেম হোসেন (২৮)।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর যাত্রী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। বাস ও প্রাইভেটকারটি সদর দক্ষিণ থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, দয়াপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে মামুন পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এসময় কুমিল্লাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী ও চালক মারা যান।

Comments are closed.