নিজস্ব প্রতিবেদক : পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদেরকে এ অনুমতি দিয়েছে।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
এর আগে, ‘গণপূর্ত অধিদফতর পুলিশের অনুমতি সাপেক্ষে শ্রমিক দলকে শ্রমিক সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। আশা করছি, নির্ধারিত সময়ের পূর্বে সব প্রস্ততি সম্পন্ন হবে।
শ্রমিক সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গি, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে আশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লা মিয়া, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের সভাপতি আব্দুল মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেলিনা সুলতানা নিশীতা, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.