গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জুঁই (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী।
উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রাম থেকে মঙ্গলবার ( ৩ মে) সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুঁই উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের দিনমজুর জিল্লুর রহমানের মেয়ে এবং একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের আব্দুল হালিমের (২৭) স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুঁই প্রায় একমাস আগে সন্তান প্রসব হওয়ার জন্য বাবার বাড়িতে যান। তিনি ২১ দিন আগে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। সোমবার সন্ধ্যার দিকে মেয়ে ও স্ত্রীকে বাড়িতে আনার জন্য আব্দুল হালিম শ্বশুর বাড়িতে যান। জুঁই এ সময় স্বামীর বাড়িতে যেতে অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে রাত দুইটার দিকে আব্দুল হালিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments are closed.