জসিম উদ্দিন টিপু, টেকনাফ : সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা-হোয়াইক্যংয়ে মোবাইল কোম্পানী “রবি”র নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। ২সপ্তাহ ধরে মোবাইল কোম্পানীটির নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় গ্রাহক সাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা প্রয়োজনীয় আদান-প্রদান করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে। নেট ব্যবহারকারী রবির গ্রাহক স্থানীয় অনেক সংবাদকর্মী সীম পরিবর্তন করে বর্তমানে অন্য অপারেটরের সীম ব্যবহার করছেন। ভুক্তভোগী রবির গ্রাহক সুত্র জানায়, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে রবির নেটওয়ার্কে কাজ করতে সমস্যা হচ্ছে। গ্রামঞ্চলে সেবাদানকারী রবি কোম্পানীর প্রতিনিধি সংশ্লিষ্ট লোকজন সুত্রে জানাগেছে, টাওয়ারে টেকনিক্যাল সাইটের কাজের কারণে নাকি এমনটি হয়েছে। হয়ত দু’য়েকদিনের মধ্যে নেটওয়ার্ক সমস্যাটি সমাধান হয়ে যাবে। এদিকে রবি থেকে অন্য অপারেটরে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছে।
তার চাইতে বেশী নেট ব্যবহারকারী গ্রাহকদের কষ্ট হচ্ছে। গ্রাহকরা জানায়, টেকনাফে যেভাবে রবির গ্রাহক বেড়েছে তার তুলনায় সেবা কিন্তু বাড়েনি। এভাবে চলতে থাকলে সেবাপ্রার্থী লোকজন রবি কোম্পানী থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে। গ্রাহক সুত্র আরো জানায়, রবির নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর অদক্ষতা, কিছু টাওয়ারে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় গ্রাহকরা এই পরিস্থিতির শিকার হচ্ছেন।
সচেতন মহল মনে করেন নেটওর্য়াক সমস্যা এবং কোম্পানীটির প্রতিনিধির অসৌজন্যতার কারণে রবি’র বদনাম বাড়ছে। কোম্পানীটির টেকনাফ-উখিয়ার দায়িত্বে নিয়োজিত এরিয়া ম্যানেজার এমডি ইউসুফ আহমদের বিরুদ্ধে একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, তাঁর কাছে কোন সমস্যার কথা জানালে সে ধমক স্বরে অসৌজন্যমুলক আচরণ করেন। হ্নীলা বিসমিল্লাহ লাইব্রেরীর পরিচালক যুবনেতা রফিকুল ইসলাম জানান, ২সপ্তাহ ধরে রবির নেটওর্য়াক সমস্যায় অন্য অপারেটরের সীম ব্যবহারের মাধ্যমে নেট চালাচ্ছি।
মাঠ পর্যায়ের প্রতিনিধিদের বলেও কোন সমাধান পাচ্ছি না। ব্যবসায়ী বাহাদুর শাহ তপু রবি কোম্পানীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সিটিনিউজবিডিকে জানান, রবিতে কল করতে যেমন সমস্যা তার চাইতে নেটে আরো বেশী সমস্যা। রবির নেটওয়ার্ক সমস্যার কারণে চলতি সপ্তাহ থেকে বাংলালিংকের সীম ব্যবহার করতে বাধ্য হয়েছি। সাংবাদিক হুমায়ুন রশিদ জানান, রবির ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে নিউজ পাঠাতে বিলম্ব হচ্ছে। দেরীতে নিউজ পাঠাতে গিয়ে অফিসিয়ালি অনেক সমস্যায় পড়তে হচ্ছে। জরুরী ভিত্তিতে নেট স্পীড না বাড়ালে দিন দিন রবির গ্রাহক সংখ্যা কমে যাবে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গৌতম রায় সরকার সিটিনিউজবিডিকে রবির নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়ে বলেন, নেটের কারণে কথা বলতে ও কাজ করতে প্রায় সময় সমস্যায় পড়তে হয়। জানতে চাইলে রবির এরিয়া ম্যানেজার এমডি ইউসুফ আহমদ অনেকটা কর্কশকন্ঠে সিটিনিউজবিডিকে বলেন, সমস্যা সমাধানের জন্য ঢাকাস্থ কমিউনিকেশন ম্যানেজারের সাথে কথা বলার পরামর্শ দিয়ে জানান, “ভাই গ্রাহক পরিচয় দিলে কথা বলি-সংবাদকর্মী পরিচয় দিলে আমরা কথা বলি না”। রবির গ্রাহক সাধারণ জরুরী ভিত্তিতে প্রতিটি টাওয়ারে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে নেটওয়াক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments are closed.